বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, সব যাত্রীকে বিমানে ভ্রমণ করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার অনুরোধ করছি। অভ্যন্তরীণ রুটে পরিচালিত প্লেন সমূহের যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মাহবুব আলী বলেন, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এরপর থেকেই বিরতিহীন তা চলমান। দেশে করোনার কারণে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও এই কাজ চলমান ছিল। কাজের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ সম্পন্ন হবে আশা করা হচ্ছে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি ও পহেলা জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চালনোর প্রস্তুতি পরিদর্শনের জন্য আজকে আমরা এখানে এসেছি। প্রস্তুতি শেষ। যাত্রীরা নিরাপদেই ভ্রমণ করতে পারবেন।
এর আগে প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে অবহিত হন। তিনি অভ্যন্তরীণ টার্মিনালের নবনির্মিত বর্ধিতাংশও পরিদর্শন করেন।
এ উপস্থিত ছিলেন সময় সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।