যশোর বিমানবন্দর থেকে ফের ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হয়েছে।করোনাভাইরাসের কারণে গত মার্চের শেষ দিকে এ বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। নতুন করে বাণিজ্যিক ফ্লাইট চালুর জন্য এরই মধ্যে মেডিকেল টিম চেয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশে করোনা রোগী শনাক্তের পর গত ২৫ মার্চ দেশে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। ২৪ মার্চ সর্বশেষ যশোর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা করেছিল। যশোর বিমানবন্দর সাময়িক বন্ধ হয়ে যাওয়ার আগে প্রতিদিন সরকারি-বেসরকারি মিলে ১২টি ফ্লাইট চলত। এর মধ্যে ইউএস-বাংলার ছয়টি, নভোএয়ারের পাঁচটি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা-যাওয়া করত।
দুই মাস বন্ধ থাকার পর সম্প্রতি দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। অবশ্য আগে থেকেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত আকারে চালু ছিল। চালু হওয়া অন্য বিমানবন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলে। সেখানে আগে থেকেই মেডিকেল টিম কাজ করে। আর লকডাউনের ঠিক আগ দিয়ে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ মেডিকেল টিম পায়। দেশের বিমানবন্দরগুলোর মধ্যে এখনো বন্ধ রয়েছে যশোর, রাজশাহী, কক্সবাজার ও বরিশাল। উড়োজাহাজের যাত্রীদের মধ্যে কোনো সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন কিনা তা যাচাই করার সুযোগ না থাকায় এ বিমানবন্দরগুলো এখনো চালু হয়নি।