৭৯ দিন পর ঢাকা-যশোর বিমান চলাচল শুরু

৭৯ দিন বন্ধ থাকার পর ফের চালু হলো ঢাকা-যশোর বিমান যোগাযোগ। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে এই বিমান চলাচল শুরু হয়েছে। যশোর এয়ারপোর্ট ম্যানেজার মো. মাসুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মাসুদুল হক জানান, আজ (বৃহস্পতিবার) যশোর-ঢাকা রুটে সাতটি ফ্লাইট রয়েছে। ইতোমধ্যে দুটি এসে ফিরে গেছে। ফ্লাইটগুলোর মধ্যে ইউএস বাংলার চারটি এবং নভোএয়ারের তিনটি রয়েছে।
তিনি বলেন, ‘যশোর এয়ারপোর্ট টার্মিনালের প্রবেশমুখে গ্লাস দিয়ে ঘিরে একটি বুথ করা হয়েছে। সেখানে মেডিক্যাল টিম বসবে। একজন ডাক্তারের নেতৃত্বে এই টিমের সদস্যরা হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপবেন। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে।’
বিমান বন্দর সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ করে দিলে যশোর-ঢাকা রুটের ফ্লাইটও বন্ধ হয়ে যায়। এরপর ১ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বিমান চলাচলের অনুমতি দেয়। বাদ থেকে যায় যশোর, রাজশাহী, কক্সবাজার ও বরিশাল রুটে চলাচল। এ চারটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ সে সময় যাত্রীদের করোনা থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় অনুমতি পায়নি। এরপর যশোরের স্বাস্থ্যবিভাগ যশোর বিমান বন্দরে মেডিক্যাল টিমের ব্যবস্থা করলে বৃহস্পতিবার থেকে বেবিচক এই রুটে বিমান চালানোর অনুমতি দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫ জুন পর্যন্ত যশোর-ঢাকা রুটে কোনও ফ্লাইট পরিচালনা করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে প্রতিদিন বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলা চারটি এবং নভোএয়ার তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে। করোনায় বন্ধ হওয়ার আগে সরকারি-বেসরকারি তিনটি এয়ারলাইনস প্রতিদিন যশোর-ঢাকা রুটে ১২টি ফ্লাইট পরিচালনা করতো।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘প্রতিদিন দুটি মেডিক্যাল টিম এয়ারপোর্টে দায়িত্ব পালন করবেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.