বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান দেশের বিমান সংস্থা সমূহকে ভাড়া বৃদ্ধি না করে যাত্রীদের বিমান চলাচলের উপর আস্থা অর্জনের জন্য গুরুত্ব দেয়ার বিষয়ে জোড় দেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান এর সভাপতিত্বে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান সংস্থাসমূহের সাথে ভাড়া বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন বেবিচক চেয়ারম্যান।
বিমানসংস্থা সমূহের সাথে আলোচনার প্রেক্ষিতে তাদের অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনায় সাময়িকভাবে বিমান ভাড়া ঢাকা-কক্সবাজারের জন্য সর্বনিম্ন ৩৫০০ টাকা এবং ঢাকা হতে অন্যান্য বিমানবন্দরের জন্য সর্বনিম্ন ২৫০০ টাকা ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, উড়োজাহাজের আসনের প্রকারভেদ, কত সীটের ভাড়া সর্বনিম্ন হারে হবে তা সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত হবে।
এ সময় সভায় বেবিচকের সদস্য (এফ এস আর) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর, নভোএয়ারের এমডি মফিজুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং এন্ড সেলস) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও খবর