করোনা আতঙ্কে চীনে ১২০০ ফ্লাইট বাতিল

এভিয়েশন নিউজ ডেস্কঃ চীনে জিনফাদি হোলসেল খাবারের বাজারে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হওয়ায় বেইজিংয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। বেইজিং বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১২০০ ফ্লাইট। সব স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সকালে বেইজিং থেকে ও বেইজিং পর্যন্ত প্রায় ৭০টি রুটের ১২৫৫টি নির্ধারিত বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যম ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের সফরে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেইজিং থাকা-যাওয়া লোকেদের বিভিন্ন প্রদেশে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। দিনকয়েক আগেই খোলা বেইজিংয়ে সব স্কুল আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। ফের অনলাইন ক্লাস শুরু হয়েছে স্কুলগুলিতে।

বেইজিংয়ে বুধবার নতুন করে ৩১ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। দ্বিতীয় ধাপে ফের কোভিড ১৯ ঠেকাতে মানুষকে বাড়িতে থাকতে অনুরোধ করেছে প্রশাসন।

নতুন করে বেইজিংয়ে ভাইরাসের প্রাদুর্ভাব জিনফাদি হোলসেল খাবারের বাজার থেকে হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ক্লাস্টারের সংস্পর্শে আসা ১০ হাজারেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রায় ৩০টি আবাসিক কমপ্পাউন্ডে লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার বেইজিং শহরের মুখপাত্র সু হেজিয়ান জানিয়েছেন, রাজধানীর অতিমারী পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বেইজিংয়ের ১১টি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। হাজারেরও বেশি খাবারের এলাকাকে সংক্রমণমুক্ত করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.