শ্রদ্ধা ভিজলে লক্ষ্মী আসে!

efb49da73ad77960475a48dff3785810-13শ্রদ্ধা কাপুরকে ‘বৃষ্টির দেবী’ বললে ভুল হবে না। কেন? তা জানতে হলে একটু পেছন ফিরে তাকাতে হবে। কারণ, সামনেই আসছে তাঁর ছবি বাগি। এই ছবির ভাগ্য যে এই বৃষ্টির দেবীর ওপর নির্ভর করছে। ছবিতে শ্রদ্ধার সঙ্গে বলিউডের নতুন ‘অ্যাকশন বরপুত্র’ টাইগার শ্রফও রয়েছেন। তবে শ্রদ্ধা ও বৃষ্টির কাকতালীয় সম্পর্কটি কিন্তু সত্যিই ভাবিয়ে তোলে অনেককে।
বাগি নিয়ে এখন বলিউডে আগ্রহের কমতি নেই। ছবির অভিনেতা টাইগার শ্রফ, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও পরিচালক সাব্বির খান ঘুরছেন ভারতের বিভিন্ন শহরে শহরে। ছবির প্রচারে কোনো কমতি রাখছেন না কেউ। কিন্তু এই কষ্টের কোনো মানে হয়? ছবিতে যখন শ্রদ্ধার বৃষ্টিভেজা একটা গান আছে, আছে বৃষ্টিতে দাঁড়িয়ে শ্রদ্ধা আর টাইগারের চুমুর দৃশ্য, সেখানে কি আর কোনো পরিশ্রমের প্রশ্ন আসে? শ্রদ্ধার ছবিতে বৃষ্টি মানেই তো বক্স অফিসে লক্ষ্মীর কড়া নাড়া নিশ্চিত।
শুরু করা যাক আশিকি টু ছবি দিয়ে। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবির সাফল্য নিয়ে এখন আর কোনো প্রশ্ন ওঠানো যাবে না। ওই বছরের অন্যতম ব্যবসাসফল ছবি ছিল এটি। ছবিতে বৃষ্টিতে ভেজা শ্রদ্ধার মাথার ওপর জ্যাকেট মেলে ধরেন তাঁর নায়ক আদিত্য রায় কাপুর। তারপর জ্যাকেটের নিচে ঢুকে পড়েন দুজন। তখনো হচ্ছে বৃষ্টি। ব্যস, এটাই পেয়ে গেল বলিউডের ওই বছরের সবচেয়ে ‘হিট’ দৃশ্যের তকমা। তারপর ২০১৪ সালে মুক্তি পায় শ্রদ্ধা অভিনীত আরেকটি রোমান্টিক ছবি, এক ভিলেন। সেখানে মৃত্যুপথযাত্রী শ্রদ্ধার অনেক ইচ্ছার একটি ছিল বর্ষার প্রথম বৃষ্টিতে ময়ূরের পেখম তোলা নাচ দেখা। তার জন্য এক ভিলেন ছবিতে বৃষ্টিতে ভিজলেন তিনি, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। সেই ছবিও বক্স অফিসকে কাঁপিয়ে দিল। একই বছর মুক্তি পায় শ্রদ্ধা অভিনীত আরেকটি ছবি হায়দার। এই ছবিও সফল। কিন্তু কাশ্মীরে তৈরি হওয়া এ ছবিতে তো বৃষ্টি দেখানো হয়নি। তাহলে? একটু মনে করে দেখুন তো, ছবির সবচেয়ে রোমান্টিক গানটির কিন্তু দৃশ্যায়ন হয়েছে তুষারপাতের সময়। আকাশ থেকে তুষার ঝরছে আর শ্রদ্ধা ও শহীদ কাপুর তাতে দাঁড়িয়ে একে অপরের মধ্যে খুঁজছেন উষ্ণতা। কাশ্মীরে তো আর যখন-তখন বৃষ্টি আনা সম্ভব নয়, তাই তুষারপাতই সই। তা দিয়েই শ্রদ্ধা আবার বাজিমাত করলেন। সবশেষ ২০১৫ সালে মুক্তি পাওয়া শ্রদ্ধার শেষ ছবি এবিসিডি টু-তেও এই মেয়ে নিয়ে এসেছেন বৃষ্টি। ‘বেজুবান ফির সে’ গানে বৃষ্টিতে ভিজে নেচেছেন শ্রদ্ধা, অন্যদিকে বক্স অফিসেও হয়েছে অর্থের বৃষ্টি।
তাই এবার সবার চোখ গিয়ে আটকে আছে বৃষ্টিভেজা শ্রদ্ধার দিকে। কারণ, এ ছবিতে তিনি বৃষ্টিতে নেচেছেন। অভিনেতা টাইগারকে চুমু খেয়ে হয়েছেন আলোচিত, সেটাও বৃষ্টিতে। এত বৃষ্টির কথা শুনে শুনে পাঠক দ্বিধায় পড়তেই পারেন, সত্যিই তো, বাগি ছবিতে শ্রদ্ধার সঙ্গে রসায়নটা আসলে কার জমবে ভালো? টাইগারের? নাকি বৃষ্টির?

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.