২ মাসে দেশে ফেরা ৩ শতাধিক প্রবাসী কারাগারে

এভিয়েশন নিউজ ডেস্ক :

করোনাভাইরাস শুরু হওয়ার পর চাকরি হারিয়ে কিংবা অন্য কোনোভাবে প্রতারিত হয়ে গত দুই মাসে দেশে ফেরা অন্তত তিন শতাধিক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিদেশে তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোয় গিয়ে এসব শ্রমিক বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করাসহ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

সম্প্রতি ভিয়েতনাম ও কাতার থেকে দেশে ফেরা ৮৩ শ্রমিককে কারাগারে পাঠানোর পর বিষয়টি নিয়ে সমালোচনা প্রকাশ্য হতে থাকে। ভুক্তভোগী প্রবাসীদের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনার যথাযথ তদন্ত ও তাদের মুক্তির জোর দাবি জানিয়েছে অভিবাসী সংগঠনগুলো।

জানা গেছে, গত ১৮ আগস্ট ভিয়েতনাম থেকে দেশে ফেরেন ৮১ জন শ্রমিক। দেশে ফেরার পর তাদেরকে ১৮ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। নিঃস্ব ও প্রতারিত হয়ে দেশে ফেরা এসব প্রবাসীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছেন। ৮১ শ্রমিকের পাশাপাশি কাতার থেকে ফেরা দুজন প্রবাসীকেও কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৫ জুলাই করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২১৯ প্রবাসী দেশে ফেরেন। কুয়েত, কাতার ও বাহরাইন থেকে ফেরা এসব প্রবাসীকেও কোয়ারেন্টিনে রাখা অবস্থায় অযৌক্তিক কারণে ৫৪ ধারায় গ্রেফতার দেখায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, শ্রমবাজারে এসব কর্মী নানা অপরাধে জড়িয়ে পড়ায় সেখানে বিভিন্ন মেয়াদে সাজা হয়। করোনার কারণে তাদের সাজা মওকুফ করে বাংলাদেশে পাঠিয়ে দেয় সংশ্লিষ্ট দেশগুলো। ফেরার পর তাদের প্রথমে তুরাগে সেনাবাহিনী নিয়ন্ত্রিত কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়। পরে তুরাগ থানা পুলিশ ৫৪ ধারায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.