এভিয়েশন নিউজ ডেস্ক :
একের পর এক মাইলফলক পেরিয়ে যাচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স। এবার নতুন অর্জন হচ্ছে, ২০ হাজার কোটি মার্কিন ডলারের ক্লাবে পদার্পণ। এই প্রথম ভারতীয় কোনো কোম্পানির মূল্য ২০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেল। খবর ইকোনমিক টাইমস।
সাধারণত শেয়ারের দামের ওপর নির্ভর করেই কোম্পানির মূল্য নির্ধারিত হয়। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ার ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (রিল) এই উত্থান।
বৃহস্পতিবার মুম্বাই শেয়ারবাজার বন্ধের সময় রিলের শেয়ারের দাম উঠেছে ২ হাজার ৩১৪ দশমিক ৬৫ রুপি। সেদিন শেয়ার দাম বেড়েছে ৭ দশমিক ১০ শতাংশ। দিন শেষে কোম্পানির মোট শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৯০৮ কোটি রুপি—মার্কিন ডলারের হিসাবে যা ২১৫ বিলিয়নের বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই) মুকেশের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় একই রকম।
করোনাভাইরাস ও লকডাউনের মধ্যেও রিলের ব্যবসা বেড়ে চলেছে। গুগল, ফেসবুক, সিলভার লেকের মতো কোম্পানি বিনিয়োগ করেছে মুকেশ আম্বানির কোম্পানিতে। রিলায়েন্সের জিও প্ল্যাটফর্মের পাশাপাশি রিলায়েন্স রিটেইলে বিনিয়োগ করেছে সিলভার লেক। বুধবারই রিলের কর্ণধার জানান, রিলায়েন্স রিটেইলে ৭ হাজার ৫০০ কোটি রুপি ঢেলে রিলের ১ দশমিক ৭৫ শতাংশ শেয়ার কিনেছে সিলভার লেক।