সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ অংশে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেছে সরকার।
এছাড়া পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সেন্টমার্টিনে ছয় ধরনের কার্যক্রম বন্ধেরও নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা।
তাদের দাবি, দ্বীপটিকে রক্ষায় সেন্টমার্টিনেও পর্যটক গমন সীমিত করার।
আর নির্দেশনা কঠোরভাবে কার্যকরের মাধ্যমে সেন্টমার্টিনের সামুদ্রিক প্রবাল এবং জীব-বৈচিত্র্য রক্ষা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সেন্টমার্টিনের দক্ষিণে ছোট ছেঁড়াদ্বীপ।
নীল জলরাশির মাঝখানে প্রবাল পাথরের তৈরি দ্বীপটি।
প্রায় তিন বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাল, পাথর, ঝিনুক, শামুকের খোলস, চুনাপাথর। যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ।
তাই সেন্টমার্টিন থেকে ট্রলারে করে আধঘন্টার পথ পাড়ি দিয়ে অনেকেই ছুটে যান নির্জন এ দ্বীপে।