তালেবানের সঙ্গে ট্রাম্পের শান্তি চুক্তি পুনর্বিবেচনা করবে বাইডেন প্রশাসন

নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আফগান সশস্ত্র গোষ্ঠী তালেবানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা শান্তি চুক্তি পুনর্বিবেচনা করবে।

হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান এরই মধ্যে আফগান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। খবর বিবিসির।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সরকার ঘোষণা করে, তালেবান এই চুক্তিতে অটল থাকলে আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা আফগানিস্তান থেকে পরবর্তী ১৪ মাসের মধ্যে সেনা প্রত্যাহার করে নেবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয়েছে। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন বাইডেন।
নিরাপত্তা উপদেষ্টা সুলিভান জানিয়েছেন, নতুন প্রেসিডেন্ট তালেবানের সঙ্গে ওয়াশিংটনের করা চুক্তি খতিয়ে দেখতে চান।

বাইডেন প্রশাসন এমন সময় শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের ঘোষণা দিল যখন ওই চুক্তির ভিত্তিতে এরই মধ্যে আফগান সরকার কারাগার থেকে পাঁচ হাজার বন্দিকে মুক্তি দিয়ে ফেলেছে।

আফগান সরকারের দাবি, মুক্তিপ্রাপ্ত তালেবান বন্দিদের অনেকেই আবার যুদ্ধের ময়দানে ফিরে গেছে। এই চুক্তির কারণে সংগঠনটি আন্তর্জাতিক বাহিনীর ওপর হামলা বন্ধ করলেও সরকারের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রেখেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.