এভিয়েশন নিউজ: আন্তর্জাতিক যাত্রী যাতায়াতের দিক থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে এখন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।
২০১৪ সালে এ বিমানবন্দরে যাত্রী যাতায়াত করে ৭০.৪৭ মিলিয়ন। যা বিশ্বের যেকোনো বিমানবন্দরের চেয়ে সবচেয়ে বেশি।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত বছর যাত্রী যাতায়াত বাড়ে ৬.১ শতাংশ। কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছর এ বিমানবন্দরের যাত্রীর সংখ্যা বেড়ে হবে ৭৯ মিলিয়ন। দুবাইয়ের এমিরেটস মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ বিমান সংস্থা।
এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের বিপুলসংখ্যক যাত্রী বহন করে এমিরেটস এয়ারলাইনস। ২০১৪ সালে হিথরো বিমানবন্দরে যাত্রী যাতায়াত ছিল ৬৮.১ মিলিয়ন।
তবে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীসহ হিসাব করলে এখনো শীর্ষে রয়েছে হিথরো। অভ্যন্তরীণ যাত্রীসহ এ বিমানবন্দরে গত বছর যাত্রী যাতায়াত ছিল ৭৩.৪ মিলিয়ন।
দুবাই বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস বলেন, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বেড়েছে। বর্তমানে বার্ষিক ৯০ মিলিয়ন পর্যন্ত যাত্রী যাতায়াতের সুযোগ রয়েছে। বিশেষ করে কনকোর্স ডি উদ্বোধনের পর এ সক্ষমতা বাড়ে।
প্রসঙ্গত, পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে কাজ করছে দুবাই। এর অংশ হিসেবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিমানবন্দরের সক্ষমতাও বাড়িয়েছে দেশটি। এরফলে মধ্যপ্রাচ্যের নান্দনিক এ শহরে পর্যটক সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। এএফপি।
