করোনার নতুন ধরনের ফলে উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন দেশগুলো থেকে আগত যাত্রীদের জন্য যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।
করোনার নতুন ধরনের সংক্রমণরোধে দেশটি এ পদক্ষেপ নিয়েছে যা সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে।
যুক্তরাজ্য ৩৩টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নতুন নিয়মের আওয়তায়, এসব দেশ থেকে আসা ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দাদের দেশে ফেরত আসার পর অনুমোদিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং একাধিকবার করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে।
কথিত ‘লাল তালিকায়’ থাকা এসব দেশগুলোর অন্যান্য দর্শনার্থীদের এ মূহূর্তে যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এসব দেশের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো, দক্ষিণ আফ্রিকা ও পর্তুগাল।
যুক্তরাজ্যে ভ্রমণের আগে ১০ দিনের মধ্যে লাল তালিকার কোনো দেশে অবস্থান করলে সেই তথ্য যদি কোনো যাত্রী গোপন করে তাহলে তাকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে।
তবে অতিরিক্ত কঠোরতার অভিযোগে লকডাউনের এই নতুন আইন নিয়ে সমালোচনা চলছে।