মিয়ানমারে বিক্ষোভে সমর্থন দেওয়ায় শীর্ষ অভিনেতা লু মিন গ্রেফতার

মিয়ানমারের সামরিক বাহিনীর অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে দেশটির খ্যাতিমান একজন অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার তার স্ত্রীর বরাতে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে।

সরকারি কর্মচারীদের আইন অমান্য আন্দোলনে যোগ দিতে উৎসাহিত করার জন্য যে ছয় সেলিব্রেটির বিরুদ্ধে উসকানিবিরোধী আইনে সেনাবাহিনী বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল অভিনেতা লু মিন তাদের একজন।

মিনের বিরুদ্ধে আনা অভিযোগে তার দুই বছর কারাদণ্ড হতে পারে। ইয়াঙ্গুনে লু মিন বেশ কয়েকটি প্রতিবাদে অংশ নিয়েছিলেন।

তার স্ত্রী খিন সাবাই উ নিজের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ইয়াঙ্গুনের তাদের বাড়িতে পুলিশ এসে তার স্বামীকে ধরে নিয়ে গেছে।

তিনি বলেন, তারা শক্তি প্রয়োগ করে দরজা খুলে তাকে ধরে নিয়ে যায়, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা আমাকে জানায়নি। আমি তাদের থামাতে পারিনি। তারা আমাকে জানায়নি।

সামরিক মুখপাত্র জ মিন তুন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনেবলেছেন, সংবিধান মেনেই সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে এবং জনগণের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ তাতে সমর্থন দিচ্ছে। সহিংসতা উস্কে দেওয়ার জন্য প্রতিবাদকারীদের দায় দিয়েছেন তিনি।

মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী ‘অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার’ শনিবার জানিয়েছে, অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত ঘটনায় এ পর্যন্ত ৫৬৯ জনকে গ্রেফতার, অভিযুক্ত অথবা কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে গত পহেলা ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী। এরপর থেকে গণতান্ত্রিক অধিকারের দাবিতে অব্যাহত বিক্ষোভ চলছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.