কুয়েতে বাংলাদেশসহ ৮ দেশের প্রবাসীদের পিসিআর যাচাই

সম্প্রতি কুয়েতে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া অন্যান্য দেশ থেকে জাল পিসিআর সনদ নিয়েও কয়েকটি দেশের প্রবাসী ধরা পড়েছে। যে কারণে, নতুন যারা কুয়েতে প্রবেশ করবেন, তাদের পিসিআর প্রতিবেদন যাচাই করবে দেশটির ইমিগ্রেশন।

পিসিআর যাচাই-বাছাইয়ের আওতায় পড়বে বাংলাদেশসহ ৮টি দেশ। গতকাল মঙ্গলবার কুয়েতের সিভিল এভিয়েশনের প্রকাশিত বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস ও আল রায় এ খবর জানায়।

খবরে বলা হয়, দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে আগত নাগরিকরা প্রতারণার আশ্রয় নিচ্ছেন। যে কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আরব আমিরাত, তুরস্কের লোকজন যারা নতুন করে কুয়েতে প্রবেশ করবেন, তাদের পিসিআর পরীক্ষা যাচাই করা হবে। কুয়েতে প্রবেশের আগে তাদের পিসিআর সনদ মুনা অ্যাপসের মাধ্যমে পরীক্ষা করা হবে।

সংবাদে আরও বলা হয়, আগামী ২৫ মার্চ হতে পিসিআর পরীক্ষার ৭২ ঘণ্টার মধ্যে কুয়েতের মুনা অ্যাপসের মাধ্যমে যাচাই-বাছাই কার্যকর হবে। এর মাধ্যমে কুয়েতের বাইরে পরীক্ষাগারগুলোর নিরীক্ষণে বিশেষজ্ঞ এবং তাদের দ্বারা প্রদত্ত পিসিআর প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্যতা বিষয়টি নিশ্চিত করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.