মাঠে দর্শক প্রবেশে অনুমতি দিল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের মাঠে ফিরছে দর্শক। গেল বছর ডিসেম্বরের পর স্টেডিয়ামে সীমিত পরিসরে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

১৮ এপ্রিল লেস্টার সিটি ও সাউদাম্পটনের ম্যাচ দিয়ে লম্বা সময় পর মাঠে ফিরবে দর্শক। আর তাই ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা দেখতে বর্তমানে দেশটিতে ভিড় করছে ফুটবলপ্রিয় দর্শক।

বিশ্বব্যাপী বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। ভ্যাকসিন আবিষ্কার হলেও, ভাইরাসটি তার রূপ বদলাচ্ছে প্রতিনিয়ত। ফলে ভ্যাকসিনেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। ঝুঁকি রয়েই যাচ্ছে।

যুক্তরাজ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও, বর্তমান করোনা পরিস্থিতি মোটামুটি আয়ত্তে এনেছে দেশটির সরকার। তাইতো দেশটির সরকার ঘোষণা করেছে, স্টেডিয়ামগুলোতে সীমিত আকারে দর্শক প্রবেশ করতে পারবে।

যুক্তরাজ্য সরকারের এমন ঘোষণার পর এখন দেশটিতে ফুটবলে বড় ম্যাচগুলো ঘিরে টান টান উত্তেজনা বিরাজ করছে দর্শকদের মাঝে। অন্য দেশ থেকেও অনেকে পাড়ি জমিয়েছেন খেলা দেখতে।

ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৫ এপ্রিল এই ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি। যে ম্যাচে ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। আর ১৫ মে ২১ হাজার দর্শক স্টেডিয়ামে বসে দেখতে পারবেন এফএ কাপের ফাইনাল।

সীমিত পরিসরে দর্শক প্রবেশ করলেও স্টেডিয়ামে খেলা চলাকালীন করোনা সংক্রমণ কতটুকু ঠেকানো যাবে, সেটিই এখন দেখার বিষয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.