প্রাণঘাতী করোনায় ইউরোপে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ফ্রান্সে কোভিড-১৯ এ মৃত্যু এক লাখ ছাড়িয়ে গেছে।
বিভিন্ন হাসপাতালের তথ্য নিয়ে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ধূসর মাইলফলকে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিন ফরাসী স্বাস্থ্য মন্ত্রণালয়ের জিইওডিইএস ওয়েবসাইটে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩০০ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে।
“এই অগ্নিপরীক্ষা থেকে বের হওয়ার লক্ষ্যে আমাদের সমস্ত শক্তি একত্রিত করা হয়েছে, আমরা কারও চেহারা বা নাম ভুলে যাবো না,” টুইটারে এমনটাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
করোনাভাইরাসে মৃত্যু তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে অষ্টম স্থানে থাকা ফ্রান্সে শনাক্ত রোগীর সংখ্যাও ৫২ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।