সৌদি আরব ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা। করোনাভাইরাসের মহামারির মধ্যেও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে সৌদি আরব।
বিভিন্ন কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১ ভাগ কমে যাওয়ার পরও ২০২০ সালে ইউরোপীয় দেশটি থেকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে সৌদি। খবর তাসনিম নিউজের।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছর ফ্রান্স অস্ত্র বিক্রি খাত থেকে ৪৯০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আয় করেছে। তার আগের বছর দেশটি এ খাত থেকে অর্থ আয় করেছিল ৮৩০ কোটি ইউরো।
আমেরিকা গত বছর ফ্রান্স থেকে দ্বিতীয় প্রধান ক্রেতা হিসেবে ৪৩ কোটি ৪০ লাখ ইউরো এবং মরক্কো ৪২ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে।
ফ্রান্স থেকে সৌদি আরব যেসব অস্ত্র কিনছে তা মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র প্রধানত দারিদ্রপীড়িত ইয়েমেনের শিশু ও সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইয়েমেনে গত ছয় বছরে সৌদি আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।