পর্যটকের পদভারে এখন মুখরিত পার্বত্য জেলা রাঙ্গামাটি।
বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিসহ টানা তিনদিনের ছুটিতে যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করতে প্রকৃতির সান্নিধ্যে এসেছেন পর্যটকরা।
শুক্রবার ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, রাঙ্গামাটি পার্ক, শহীদ মিনার, ডিসি বাংলো, আরণ্যক হলিডে রিসোর্টসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, লোকে লোকারণ্য পর্যটন স্পটগুলো।
ছুটির দিন হওয়াতে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। পর্যটকদের বিষয়টি মাথায় রেখে অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে পর্যটনকেন্দ্রগুলো।
ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটক সেলিম রহমান বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন কোথাও ঘুরতে যেতে পারিনি।
টানা তিনদিন ছুটি পাওয়াতে পরিবার-পরিজন নিয়ে রাঙ্গামাটি বেড়াতে এসেছি।
তবে এত বেশি পর্যটকদের ভিড় থাকবে সেটা ধারণা করতে পারিনি।
তবে রাঙ্গামাটির সৌন্দর্য দেখার পর অন্যান্য অসুবিধাগুলোর কথা ভুলে গেছি।’
চট্টগ্রাম থেকে আসা পর্যটক সুজন দেব বর্মন বলেন, গ্রামের অনেকগুলো পরিবার মিলে এক বাস মানুষ এসেছি রাঙ্গামাটি ভ্রমণে।
তবে আবাসিক হোটেলগুলোতে সিট পেতে আমাদের অনেক কষ্ট পেতে হয়েছে।
আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন হোটেলে রুম বুকিং নিয়েছি।
