তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেয়া আটজন সামরিক কর্মকর্তা গ্রিসে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে।
একটি সামরিক হেলিকপ্টারে গিয়ে গ্রিসের উত্তরাঞ্চলে অবতরণ করে এসব সেনা কর্মকর্তা।
গ্রিসের পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রোপোলিসে তুরস্কের একটি সামরিক হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে আটজন ক্রুকে হেফাজতে নেয়া হয়েছে। এরপর তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে।
স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা গেছে, তারা তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নিয়েছিল।
এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ওই আট অভ্যুত্থানকারীকে ফেরত চেয়েছে।
শুক্রবার রাত থেকে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। শনিবার সকালেও দেশটির বড় বড় শহরে বিস্ফোরণ,গুলি ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
অভ্যুত্থানকারী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ৫ জেনারেল ও ২৯ কর্নেলসহ প্রায় ৩ হাজার সেনা সদস্যকে আটক করা হয়েছে।
এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাতেই গণতন্ত্রপন্থীরা রাজপথে নেমে আসে। বিরোধী দলগুলোও এ অভ্যুত্থান চেষ্টার তীব্র সমালোচনা করেছে।
