মহামারি করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর সিলেট থেকে সরাসরি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ফ্লাইট পুনরায় চালু হয়েছে।
শনিবার বেলা সোয়া ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায়।
দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। খবর বাসসের।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইটটি পরিচালিত হচ্ছে।
শনিবারের ফ্লাইটে ১০৪ জন যাত্রী ম্যানচেস্টারে গেছেন।
এর মধ্যে ঢাকা থেকে ২৪ জন এবং সিলেট থেকে ৮০ জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক আলম বলেন, শিডিউল ঠিক থাকলে রবিবার (২৬ ডিসেম্বর) ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি২০৮ স্থানীয় সময় রাত ৮টায় ছাড়বে এবং সিলেটে পৌঁছাবে ২৭ ডিসেম্বর, সোমবার দুপুর ১২টায়।
এক ঘণ্টা পর সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে বেলা পৌনে ২টায়।