গত তিন বছর গুঞ্জন শোনা গিয়েছে, প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে।
চলতি মৌসুমের শেষভাগে আরও জোরালো হয় এই গুঞ্জন।
কারণ পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০২১-২২ মৌসুমে।
তাই ধারণা করা হচ্ছিল, ফ্রি ট্রান্সফারেই রিয়ালে যোগ দেবেন এমবাপে।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পিএসজির সঙ্গেই তিন বছরের নতুন চুক্তি করেছেন এ তরুণ তারকা।
আর এমবাপেকে না পেয়ে তারই স্বদেশি আরেক তরুণ অরেলিয়েন চুয়ামেনিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার আনুষ্ঠানিকভাবে চুয়ামেনিকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
চুয়ামেনির স্বদেশি রিয়াল তারকা করিম বেনজেমার সঙ্গে একটি ছবি আপলোড করে রিয়ালের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে ‘চুয়ামেনিকে স্বাগতম।’