২০২৩ শিক্ষাবর্ষে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ জানুয়ারি থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ কোটিরও বেশি শিক্ষার্থী পর্যায়ক্রমে নতুন বই হাতে পাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারপ্রধান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামীকাল ১ জানুয়ারি নতুন ইংরেজি বছরের প্রথম দিন থেকে প্রাথমিক ও মাধ্যমিকের ৪ কোটিরও বেশি শিক্ষার্থী পর্যায়ক্রমে নতুন বই হাতে পাবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে কেন্দ্রীয় পাঠ্যবই উৎসব উদযাপন করবে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের বই উৎসবের আয়োজন করা হচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করা হবে প্রাথমিক পর্যায়ের বইয়ের কেন্দ্রীয় উৎসব।