বিশ্বকাপের ছুটি কাটিয়ে প্যারিসে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি।
গতকাল বুধবার দলের সাথে অনুশীলনে যোগ দেন তিনি। সতীর্থকে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
টানা দুই সপ্তাহ আর্জেন্টিনায় থাকার পর ক্লাব ফুটবলে ফিরেন মেসি। বিশ্বকাপ জয়ের জন্য ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা এদিন ‘গার্ড অব অনার’ দেন তারকা এই ফুটবলারকে। একই সাথে মেসির হাতে তুলে দেয়া হয় বিশেষ স্মারকও।
বিশ্বকাপ পরবর্তী প্রত্যাবর্তনে মেসিকে বরণ করে নেওয়ার ছবি টুইটারে টুইট করে ভালোবাসা জানিয়েছেন নেইমার। টুইটে মেসির সাথে নিজের একটি ছবি সংযুক্ত করে তাতে ভালোবাসার ইমুজি দেন নেইমার।
আগামী কাল শুক্রবার ফ্রেঞ্চ কাপের ম্যাচে শ্যাতেরুর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ওই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা খুবই কম। ধারণা করা হচ্ছে, ১১ জানুয়ারি ফ্রেঞ্চ লিগে অঁজির বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আর সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপ পরবর্তী ক্লাব ফুটবলের যাত্রা শুরু হতে পারে মেসির। আর এর ফলে আবারও একসাথে একাদশে দেখা যেতে পারে মেসি-নেইমার-এমবাপ্পেকে।
