এক মাস বন্ধ ইতালির নেপলস আন্তর্জাতিক বিমানবন্দর
ইতালির অন্যতম ব্যস্ত নেপলস আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে সংস্কারকাজের জন্য এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতালির অন্যতম ব্যস্ত নেপলস আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে সংস্কারকাজের জন্য এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই সাময়িক বন্ধের কারণে পুরো নভেম্বর মাসে বিমানবন্দরটি থেকে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালিত হবে না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংস্কারকাজ শেষ করে বিমানবন্দরটি পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। ফলে এ সময়ে নেপলসে যাতায়াতকারী যাত্রীদের বিকল্প বিমানবন্দর ব্যবহার করতে হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের ৩১ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, নেপলস ক্যাপোডিকিনো বিমানবন্দরের রানওয়ে সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৩ কোটি ইউরো। এটি বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে নেওয়া প্রায় ২৫ কোটি ইউরোর বৃহত্তর প্রকল্পের অংশ। নিরাপত্তাব্যবস্থা আধুনিক করা এবং ভবিষ্যতে আরও বেশি যাত্রী ও ফ্লাইট পরিচালনার সক্ষমতা তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তাসংক্রান্ত মানদণ্ড অনুসরণ করে সংস্কারকাজ সম্পন্ন করা হবে। বছরের অন্যান্য সময়ের তুলনায় নভেম্বরে যাত্রী চলাচল কম থাকায় এই মাসটিকে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। এতে তুলনামূলকভাবে কম যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
নেপলস বিমানবন্দর ইতালির গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগকেন্দ্রগুলোর একটি। রোম ও মিলানের পর দেশের ব্যস্ত বিমানবন্দরগুলোর মধ্যে এর অবস্থান উল্লেখযোগ্য। প্রতিবছর প্রায় ১ কোটি ৩০ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। ২০৩৫ সালের মধ্যে বছরে ১ কোটি ৭৩ লাখ যাত্রী পরিচালনার সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরটি থেকে রায়ানএয়ার, ইজিজেট ও উইজ এয়ারের মতো উড়োজাহাজ সংস্থা নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। ফলে লন্ডন, ম্যানচেস্টার, এডিনবরাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আসতে পারে। এ কারণে যাত্রীদের সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করে নতুন সময়সূচি ও বিকল্প বিমানবন্দর সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে সালেরনো পন্তেকানিয়ানো বিমানবন্দর। সেখান থেকে শাটল বাসে নেপলসে যেতে ভাড়া লাগবে ১২ ইউরো। এ ছাড়া ট্রেনে নেপলস সেন্ট্রাল স্টেশনে যাওয়ার সুযোগ রয়েছে, যার ভাড়া প্রায় পাঁচ ব্রিটিশ পাউন্ড।
বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা জিইএসএসি জানিয়েছে, ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সালেরনো বিমানবন্দর থেকে আমস্টারডাম, বার্সেলোনা, দুবাই, মাদ্রিদ ও প্যারিসসহ ১৫টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের সুবিধায় নেপলসের পিয়াজা গারিবালদি থেকে সালেরনো বিমানবন্দর পর্যন্ত বিশেষ বাস সার্ভিসও চালু করা হয়েছে।
তবে নেপলসের সব ফ্লাইট সালেরনোতে স্থানান্তর করা হচ্ছে না। তাই যাত্রার আগে ফ্লাইটের সময়সূচি, বিমানবন্দর পরিবর্তন এবং গন্তব্যে পৌঁছানোর পরিবহনব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার কাছ থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।