যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক যাত্রীর পেট থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক ইব্রাহিম ব্যাপারী (৩৫) মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দপ্তরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, ‘গোপন সংবাদে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি সোনার কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।’