রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জামায়াতের ৫৭ নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় আটটি ককটেল উদ্ধার দেখিয়ে বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, শনিবার দিনগত রাতে মিরপুর ক্যাপিটাল টাওয়ারে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতের ৫৭ জনকে গ্রেফতারের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলায় আসামি বেশি হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদে আমরা কয়েক ধাপে আদালতে রিমান্ড চাইবো। এরই মধ্যে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন জামায়াতের গ্রেফতার ৫৭ জন ছাড়াও পালিয়ে যাওয়া আরও ৩০ থেকে ৪০ জন মিলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। তারা সরকারকে বেকায়দায় ফেলতেই এ বৈঠকের আয়োজন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ।