পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার (১৫) নামের এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকালে ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করে পাসপোর্ট অফিস। আটক আমিনা আক্তার জিগার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পে অবস্থান করা খোকন রাহামাতুল্লাহ‘র মেয়ে।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক একে এম আবু সাইদ বলেন, দুপুরে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. খোকন ও সাদিয়া বেগমের মেয়ে আমিনা আক্তার পরিচয়ে জন্ম নিবন্ধন তৈরি করে পাসপোর্টের আবেদন করেছিলেন। তার কাছে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত জন্মনিবন্ধন সনদ রয়েছে। এই তরুনীর সাথে পাসপোর্ট অফিসে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের চকিদার মো. মিজান এসেছিলেন। পাসপোর্ট করতে আসেন ওই তরুনী আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয়। এক পর্যায়ে বোঝা যায় ওই তরুণী বাংলাদেশী নাগরিক নন। পরবর্তীতে যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

চকিদার মো. মিজান বলেন, পাসপোর্ট অফিসে ওই তরুণীর সাথে আমি গিয়েছিলাম। কিন্তু সে যে রোহিঙ্গা এ বিষয়টি আমি জানতাম না। ইউনিয়ন পরিষদের সচিব মো. ইদ্রিস বলেন, উদ্যোক্তারা এই জন্ম নিবন্ধন করেন। এ বিষয়ে আমি কিছু জানি না।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পাসপোর্ট অফিস থেকে আটক করে এক রোহিঙ্গা তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.