কোটি কোটি ডলার আয় তাঁর। এরপরও রাস্তার পাশ থেকে সস্তায় কেনাকাটা করেন। শুনতেই কেমন অদ্ভুত লাগে! কিন্তু পুরো গল্পটি শুনলে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির প্রতি ভক্তদের ভালোবাসা আরও বেড়ে যাবে। তিনি সম্প্রতি ফুটপাতের পাশে গাড়ি থামিয়ে কিনলেন ৮ ফুট লম্বা বিশাল এক টেডি বিয়ার (পুতুল)। বিক্রেতা আট বছরের যমজ দুই ভাই—অ্যালেন ও ব্র্যান্ডন।
মা-বাবা এই দুই শিশুকে সমাজকর্মে (কমিউনিটি ওয়ার্ক) উদ্বুদ্ধ করতে নিজেদের সংগ্রহে থাকা পুরোনো পুতুলটি বিক্রির জন্য বাইরে নিয়ে যান। ক্যালিফোর্নিয়ার টলুসা লেকের রাস্তার পাশে বিশাল ওই পুতুল ও ‘ফর সেল’ (বিক্রির জন্য) লেখা প্ল্যাকার্ড নিয়ে ঘণ্টা খানেক দুই ভাই অপেক্ষা করে। তাদের এই পুতুল বিক্রির চেষ্টার ভিডিও করছিলেন তাদের বাবা। এমন সময় একটি কালো গাড়ি এসে থামে অ্যালেন ও ব্র্যান্ডনের সামনে। ভেতর থেকে বেরিয়ে আসেন অস্কারজয়ী হলিউড তারকা জোলি ও তাঁর মেয়ে শিলোহ। প্রথমে ছোট্ট দুই ভাই জোলিকে চিনতে পারেনি। পরে তাদের বাবা যখন জোলির কণ্ঠ দেওয়া কুংফু পান্ডা ছবির ‘টাইগ্রেস’ চরিত্রটির কথা মনে করিয়ে দেন, তখন দুই ভাইয়ের উচ্ছ্বাস বেড়ে যায় কয়েক গুণ। তারা জোলির কাছে পুতুলের দাম হাঁকে ৫০ ডলার। কিন্তু জোলি দুই ভাইয়ের হাতে দুটি ৫০ ডলারের নোট ধরিয়ে দেন। এরপর সেই দুই ভাই, তাদের মা-বাবা, অ্যাঞ্জেলিনা জোলি ও জোলির মেয়ে শিলোহ—সবাই মিলে বিশাল সেই টেডি বিয়ার গাড়িতে উঠিয়ে নেন এবং হাসিমুখে বিদায় নেন খুদে দুই বিক্রেতার কাছ থেকে। টিএমজি।
আরও খবর