রাশিয়ার ১৫ কূটনীতিককে বহিষ্কার করল নরওয়ে

নরওয়েতে কূটনৈতিক পরিচয়ের আড়ালে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে রুশ দূতাবাসের ১৫ জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হিউটফেল্ড বলেছেন, নরওয়েতে রুশ গোয়েন্দা কার্যকলাপের মাত্রা হ্রাস এবং আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাশিয়া বর্তমানে নরওয়ের জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি।

তিনি আরও বলেন, আমরা রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের কূটনৈতিক অবস্থানের আড়ালে কাজ করতে দেব না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিগগিরই নরওয়ে ত্যাগ করতে হবে।

এদিকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি নরওয়ের অসলোর রুশ দূতাবাসের কর্মকর্তারা। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের ১৫ জন কূটনীতিককে নরওয়ে থেকে বিতাড়নের বিপরীতে প্রতিক্রিয়া জানাবে মস্কো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য নরওয়ে। আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে। নর্ডিক দেশটি এখনো রাশিয়ার সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়।

সূত্র : আল আরাবিয়া

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.