ইন্টার মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই মেসির

আগামী আড়াই বছর আমেরিকান মেজর লিগে (এমএলএস) ইন্টার মিয়ামির জার্সি গায়ে ছুটবেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। আর্জেন্টাইন এ ফরোয়ার্ড আগেই ঘোষণা দিয়েছিলেন তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার আনুষ্ঠানিক চুক্তি সই করে জানালেন, ২০২৫ সাল পর্যন্ত মিয়ামির হয়ে খেলবেন। খবর বিবিসি।

 

ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আগেই। ২০২২-২৩ মৌসুম শেষে ৩৬ বছর বয়সী মেসির পিএসজি ছাড়ার পরপরই রেকর্ড অঙ্কের অফার পেয়েছিলেন সৌদি ক্লাব আল হিলাল থেকে। অবশ্য প্রায় ১৭ বছর বার্সেলোনাতে কাটানো আর্জেন্টাইন তারকার আবারো বার্সায় ফেরার গুঞ্জনও বাতাসে ভাসছিল।

নানা জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেন সৌদি কিংবা স্পেন নয় ফ্রান্স থেকে আটলান্টিক পাড়ি দেবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

গত বছর আজেন্টিনাকে নেতৃত্ব দিয়ে কাতার বিশ্বকাপ এনে দেয়া মেসি বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামির সঙ্গে পরবর্তী ক্যারিয়ার শুরু করতে পেরে আমি খুবই আনন্দিত।’

মেসি আগে কখনোই ইউরোপের বাইরের ক্লাবের হয়ে খেলেননি। তাই বেশ উৎফুল্লের সঙ্গে বলেন, এটি একটি দুর্দান্ত সুযোগ। লক্ষ্য পূরণে আমরা একসঙ্গে কাজ করব। এখানে আমার নতুন ঠিকানা গড়তে বেশ আগ্রহী।

ইন্টার মিয়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের প্রত্যাশা, আরো একটি ব্যালন ডি’অর জয়ের লক্ষ্য পূরণ করবেন মেসি।

তিনি বলেন, চুক্তি সই করাতে পারাটা ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’ একটা ব্যাপার। ১০ বছর আগে মিয়ামিতে নতুন দল গঠনের জন্য কাজ শুরু করেছিলাম। তখনই বলেছিলাম, এই চমৎকার শহরে বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে আসার স্বপ্ন দেখি আমি।

আরো বলেন, ‘আজ আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে। শুধু মেসির মতো একজন খেলোয়াড় আমাদের ক্লাবে যুক্ত হয়েছে বলে গর্বিত না; বরং একজন ভালো বন্ধু ও তার চমৎকার পরিবারকে আমাদের মিয়ামি কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই লিগ কাপের উদ্বোধনী ম্যাচে লিগা এমএক্সের ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামির হয়ে খেলতে নামবেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.