এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল (২৬ নভেম্বর) রোববার। ওই দিন সকাল ১০টায় রেওয়াজ অনুযায়ী শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর প্রধানমন্ত্রী ফল প্রকাশ করবেন।
প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর বেলা ১১টা থেকে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। ফল জানা যাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও। শিক্ষার্থীরা কলেজে না গিয়ে ঘরে বসেই ফল দেখতে পারবে।
আন্তঃশিক্ষাবোর্ড জানিয়েছে, কলেজ নোটিশ বোর্ড ছাড়াও বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়াও এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।