একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় অমর একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…” বাজানো হয়।

এর আগে রাত ১১টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রী শহিদ মিনারে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এরপর আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নেতাকর্মীদের নিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সংসদের বিরোধীদলীয় নেতা।

এরপর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতিরা, মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ভাষাশহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সব আনুষ্ঠানিকতা শেষে শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান। সারাদেশেও একুশের প্রথম প্রহরে ভাষাশহিদদের শ্রদ্ধা জানিয়েছে মানুষ।

১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগ করেন ভাষাশহিদরা। দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারাবিশ্বে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে পালিত হচ্ছে দিনটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.