ইঁদুরের ভয়ে তিন দিনের জন্য একটি প্লেনের উড্ডয়ন বাতিল করেছে শ্রীলঙ্কান এয়ারলাইনস।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের এয়ারবাস এ৩৩০ ফ্লাইটে একটি একটি ইঁদুর দেখা যায়। ইঁদুরটি প্লেনের গুরুতর কোনও কিছু কামড়িয়ে ক্ষতি করেছে কি না, তা নিশ্চিত হতে অনুসন্ধান চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্লেন সংস্থাটির একজন কর্মকর্তা বলেন, প্লেনটি পুনরায় ফ্লাইট শুরু করেছে।
তবে উড্ডয়ন বাতিলের কারণে পুরো সময়সূচির ওপর প্রভাব পড়েছে।
ওই কর্মকর্তা জানান, প্লেনটি কলম্বোতে তিন দিনের জন্য গ্রাউন্ডেড ছিল। ইঁদুরের অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত না করে প্লেনটি উড়ানো যায়নি। পরে ইঁদুরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিমানমন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা সাংবাদিকদের বলেছেন, ইঁদুরটি ঋণের বোঝাসহ এয়ারলাইনটির দায়িত্ব নিতে আগ্রহী ‘কয়েকজন বিনিয়োগকারীর’ ভয়ের কারণ হতে পারে।
গণমাধ্যমটি বলেছে, তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বিরোধের কারণে ২০০৮ সালে এমিরেটসের সঙ্গে ব্যবস্থাপনা চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত এয়ারলাইনটি লাভজনক ছিল।
