৩৫ হাজার কোটি টাকার চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান
ঢাকা: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Boeing-এর সঙ্গে বড় পরিসরের চুক্তি সই করতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে।
চুক্তির আওতায় প্রায় ৩৫ হাজার কোটি টাকায় মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে ৮টি ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি ৭৩৭-৮ ম্যাক্স।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করবেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্টরা জানান, যাত্রী চাহিদা বৃদ্ধি, বহর আধুনিকায়ন এবং দীর্ঘ রুটে সক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রিমলাইনারগুলো দীর্ঘ রুটে এবং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ আঞ্চলিক রুটে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বোয়িং ও Airbus-এর মধ্যে প্রতিযোগিতার পর এই চুক্তি চূড়ান্ত হচ্ছে, যা বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
