১ আগস্ট থেকে ঢাকা-রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করছে রিয়াদ এয়ার

রিয়াদ এয়ার আগামী ১ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে

সৌদি আরবের নতুন রাষ্ট্রীয় এয়ারলাইন রিয়াদ এয়ার আগামী ১ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। নতুন এই ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিমান যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে প্রবাসী কর্মী, ওমরাহ যাত্রী এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য এটি বড় সুবিধা তৈরি করবে।

এয়ারলাইনটির জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন জানিয়েছেন, বর্তমানে সব ধরনের পরিচালনাগত প্রস্তুতির শেষ ধাপে রয়েছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে সাত দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটটি দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করবে এবং বিকেল ৩টায় রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে।

বর্তমানে বাংলাদেশ-সৌদি আরব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং সাউদিয়া ফ্লাইট পরিচালনা করছে। রিয়াদ এয়ার যুক্ত হওয়ায় এই রুটে প্রতিযোগিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিমান বিশেষজ্ঞরা বলছেন, নতুন এয়ারলাইন যুক্ত হলে ভাড়া কমতে পারে, যাত্রীসেবা উন্নত হবে এবং ট্রানজিট সংযোগও বাড়বে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, রিয়াদ এয়ারের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন হয়েছে। এখন বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা চলছে। ভবিষ্যতে জেদ্দা, মদিনা ও দাম্মামেও ফ্লাইট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সিলেট ও চট্টগ্রাম থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

২০২৩ সালে প্রতিষ্ঠিত রিয়াদ এয়ার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে গড়ে ওঠা নতুন রাষ্ট্রীয় এয়ারলাইন। প্রতিষ্ঠানটি পুরোপুরি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন। এয়ারলাইনটির লক্ষ্য রিয়াদকে বৈশ্বিক বিমান ও লজিস্টিকস হাবে পরিণত করা। সাবেক ইতিহাদ এয়ারওয়েজ প্রধান নির্বাহী টনি ডগলাসের নেতৃত্বে পরিচালিত এয়ারলাইনটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, এয়ারবাস এ৩২১নিও এবং এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ দিয়ে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.