‘স্টার সিনেপ্লেক্স’-এর একযুগ পূর্তি

99পথচলার একযুগ পূর্ণ করছে ‘স্টার সিনেপ্লেক্স’। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যুগপূর্তি উদযাপন করবে দেশের প্রথম এই মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ। ৮ অক্টোবর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ আয়োজনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

নাটক, চলচ্চিত্র, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের তারকারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হবে, যেটির মাধ্যমে স্টার সিনেপ্লেক্সের শো টাইম, টিকেট বুকিংসহ প্রয়োজনীয় অনেক তথ্য ও সহযোগিতা পাওয়া যাবে।

প্রসঙ্গত দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহটি। হলিউডের নতুন ছবিগুলো যখন মুক্তির পর বিভিন্ন দেশে পুরনো হয়ে যেত তখন বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পেত।

স্টার সিনেপ্লেক্স দর্শকদের সেই আক্ষেপের অবসান ঘটিয়েছে। এখন আন্তর্জাতিক মুক্তির দিনেই তারা দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছে হলিউডের সাড়া জাগানো সব ছবি। কোনো কোনো ছবি যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি দিয়েছে তারা।

হলিউডের ছবির পাশাপাশি দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে। যার ফলে ক্রমান্বয়ে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট ছয়টি হল রয়েছে এখানে। সম্প্রতি কক্সবাজারের হোটেল সায়মন-এ একটি হল চালু হয়েছে। আগামীতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু হল চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.