ইজিজেট কিনতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠান
ব্রিটিশ স্বল্পমূল্যের বিমান সংস্থা ইজিজেটকে অধিগ্রহণের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসললেক
ব্রিটিশ স্বল্পমূল্যের বিমান সংস্থা ইজিজেটকে অধিগ্রহণের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসললেক। সম্ভাব্য এই অধিগ্রহণের খবর প্রকাশের পর সোমবার লন্ডন স্টক এক্সচেঞ্জে ইজিজেটের শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে কোম্পানির পরিচালনা পর্ষদ সম্ভাব্য প্রস্তাবের সময়কে “অত্যন্ত সুযোগসন্ধানী” বলে মন্তব্য করেছে।
ক্যাসললেক জানিয়েছে, তারা ইজিজেটের প্রতি শেয়ার ৪০৩.২৩ পেন্সের বেশি মূল্যে একটি সম্ভাব্য প্রস্তাব বিবেচনা করছে। যদিও এখন পর্যন্ত ইজিজেটের পরিচালনা পর্ষদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। যুক্তরাজ্যের অধিগ্রহণবিষয়ক নিয়ম অনুযায়ী, ক্যাসললেককে আগামী ২৬ জুনের মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে অথবা পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে হবে।
খবর প্রকাশের পর ইজিজেটের শেয়ারদর একপর্যায়ে ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে ৪২৫ পেন্সে পৌঁছে যায়। এর আগে শুক্রবার কোম্পানির শেয়ারদর ছিল ৩৯৮ পেন্স। বর্তমানে ইজিজেটের বাজারমূল্য প্রায় ৩ দশমিক ৩৭ বিলিয়ন পাউন্ড।
চলতি বছরে ইজিজেটের শেয়ারদর প্রায় ১৬ শতাংশ কমেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, জ্বালানির দাম বৃদ্ধি এবং যাত্রীদের আস্থার ঘাটতির কারণে কোম্পানির শেয়ারদরে চাপ তৈরি হয়েছে। ইজিজেটের পরিচালনা পর্ষদ মনে করছে, এই সাময়িক দুর্বল অবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করছে ক্যাসললেক।
এক বিবৃতিতে ইজিজেট জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জেট ফুয়েলের দাম বৃদ্ধি এবং গ্রাহকদের আস্থার ওপর প্রভাব পড়ায় কোম্পানির শেয়ারমূল্য সাময়িকভাবে কমেছে। তবে দীর্ঘমেয়াদে কোম্পানির কৌশল এবং প্রবৃদ্ধির সম্ভাবনার বিষয়ে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী।
বিশ্লেষকদের মতে, ক্যাসললেকের আর্থিক সক্ষমতা থাকলেও ইজিজেটের পূর্ণ অধিগ্রহণ বাস্তবায়ন সহজ হবে না। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের বিমান পরিবহন নীতিমালার কারণে কোনো এয়ারলাইন্সের ৫০ শতাংশের বেশি মালিকানা ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্যের বাইরে থাকা কোনো প্রতিষ্ঠানের হাতে যেতে পারে না। ফলে সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে বড় ধরনের নিয়ন্ত্রক বাধা রয়েছে।
ইজিজেট দীর্ঘদিন ধরেই সম্ভাব্য অধিগ্রহণের গুঞ্জনের মধ্যে রয়েছে। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরসহ প্যারিস ও জেনেভার গুরুত্বপূর্ণ স্লট এবং আধুনিক এয়ারবাস বহরের কারণে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। তবে বাজার বিশ্লেষকদের মতে, মালিকানা কাঠামো, প্রতিযোগিতা আইন এবং নিয়ন্ত্রক বিধিনিষেধের কারণে ইজিজেটকে অধিগ্রহণের পথ মোটেও সহজ নয়।
