বিমানের ফ্লাইটে নেই জ্বর-মাথাব্যথার ওষুধ, ভোগান্তিতে যাত্রীরা
গত কয়েকদিন ধরে যাত্রীদের জন্য প্রয়োজনীয় কিছু সেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইটে গত কয়েকদিন ধরে যাত্রীদের জন্য প্রয়োজনীয় কিছু সেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে জ্বর ও মাথাব্যথার মতো সাধারণ শারীরিক সমস্যার জন্য ব্যবহৃত প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট এবং নাশতার সঙ্গে বাটার সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে কেবিন ক্রুদেরও।
ফ্লাইটে দায়িত্ব পালন করা একাধিক কেবিন ক্রুর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১০ দিন ধরে বিমানের বিভিন্ন রুটে পরিচালিত ফ্লাইটে প্যারাসিটামল জাতীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না। ফলে যাত্রীরা মাথাব্যথা, জ্বর বা শরীর ব্যথার জন্য ওষুধ চাইলে কেবিন ক্রুরা তা দিতে পারছেন না। এতে অনেক ক্ষেত্রে যাত্রীদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে তাদের।
সাধারণত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে প্রাথমিক চিকিৎসা হিসেবে পেটের সমস্যা, ডায়রিয়া, জ্বর, মাথাব্যথা, বমি, সর্দি, চোখ ও নাকের বিভিন্ন সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ রাখা হয়। এর মধ্যে প্যারাসিটামল জাতীয় ওষুধের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে দীর্ঘ সময় কাজ করে ফ্লাইটে ওঠা প্রবাসী শ্রমিকদের মধ্যে এ ওষুধের চাহিদা বেশি দেখা যায়।
বিমানের এক জ্যেষ্ঠ কেবিন ক্রু জানান, অনেক যাত্রী ফ্লাইট চলাকালে মাথাব্যথা বা শরীর ব্যথার অভিযোগ করেন। আগে এসব ক্ষেত্রে সহজেই ওষুধ দেওয়া যেত। কিন্তু বর্তমানে প্যারাসিটামল না থাকায় তাদের অসহায় অবস্থায় পড়তে হচ্ছে। কোনো কোনো যাত্রী বিষয়টি বুঝলেও অনেকে অসন্তোষ প্রকাশ করছেন।
সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের যাত্রী মনির হোসেন জানান, ভ্রমণের সময় তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে তিনি কেবিন ক্রুদের কাছে ওষুধ চান। তবে প্রয়োজনীয় ট্যাবলেট না থাকায় তারা দিতে পারেননি। যদিও কেবিন ক্রুরা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং সহমর্মিতা দেখান।
এদিকে শুধু ওষুধ নয়, কয়েক মাস ধরে বিমানের কিছু ফ্লাইটে নাশতার সঙ্গে বাটার সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের ব্রেড দেওয়া হলেও অনেক ক্ষেত্রে বাটার দেওয়া সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে এক সময় বাটার সরবরাহ ব্যাহত হয়েছিল। যদিও কর্তৃপক্ষ দাবি করছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) কর্তৃপক্ষ বলছে, ওষুধ ও বাটার সরবরাহে কোনো বড় ধরনের সমস্যা থাকার কথা নয়। তবে বাস্তবে বিভিন্ন ফ্লাইটের সরবরাহ তালিকায় প্যারাসিটামল অনুপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে। ফলে যাত্রীসেবা নিশ্চিত করতে দ্রুত এই সংকট নিরসনের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।
