মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে সোমবার (স্থানীয় সময়) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে তাকে লাল গালিচায় উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান।

আনুষ্ঠানিক সংবর্ধনার অংশ হিসেবে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

এরপর আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও সফরসঙ্গী বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। আনুষ্ঠানিকতা শেষে পেরদানা পুত্রা ভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কজুড়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়, যা সফরের প্রতি মালয়েশিয়ার বিশেষ গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রোববার রাত ৯টায় (স্থানীয় সময়) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিন রাতে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি প্রবাসীদের দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।” এ সময় তিনি দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও প্রবাসীদের অবহিত করেন।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীন সফরে যাবেন। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া তিস্তা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের অংশ হিসেবে আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN