প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া গ্রুপ সিইও’র বৈঠক
বাংলাদেশের বিমান খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা
কুয়ালালামপুর, ২৩ জুন/বাসস: বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিঙ্গাম।
সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের সম্ভাবনা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন বাজার, যাত্রী চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে বিমান খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ারএশিয়ার আগ্রহ বাংলাদেশের বিমান শিল্পের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। দেশের বিমানবন্দর উন্নয়ন, পর্যটন খাতের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক রুট বৃদ্ধি পেলে ভবিষ্যতে নতুন বিনিয়োগ ও অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি হতে পারে।
এর আগে দুই দিনের সরকারি সফরে রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে সোমবার বিকেলে তিনি মালয়েশিয়া ত্যাগ করে চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওনা হন। স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে তার বহনকারী বিমান দালিয়ানে অবতরণ করে।
সংশ্লিষ্ট মহলের মতে, মালয়েশিয়া সফরের বিভিন্ন বৈঠক বাংলাদেশ-মালয়েশিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
এম/এম
