নতুন আন্তর্জাতিক রুট চালু, তাইপে-ওয়াশিংটন উড়ছে ইভিএ এয়ার

EVA Air প্রথমবারের মতো তাইপে ও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে

তাইওয়ানের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক বিমান সংস্থা EVA Air প্রথমবারের মতো তাইপেযুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে। এই নতুন রুট চালুর মাধ্যমে সংস্থাটি ওয়াশিংটন ডিসিকে উত্তর আমেরিকায় তাদের দশম গন্তব্য হিসেবে যুক্ত করল। উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ইভিএ এয়ার, মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন রুটে সপ্তাহে চারটি ননস্টপ ফ্লাইট পরিচালনা করবে ইভিএ এয়ার। এ জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক Boeing 787-9 Dreamliner উড়োজাহাজ। বিমানটিতে তিন ধরনের ভ্রমণ সুবিধা রয়েছে—Royal Laurel Class, Premium Economy Class এবং Economy Class। বিশেষ করে ইভিএ এয়ারের সর্বশেষ সংস্করণের প্রিমিয়াম ইকোনমি ক্লাস দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য আরও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে জানিয়েছে সংস্থাটি।

এই নতুন সংযোগের ফলে যুক্তরাষ্ট্রের রাজধানী অঞ্চল থেকে যাত্রীরা কোনো ট্রানজিট ছাড়াই সরাসরি তাইপেতে পৌঁছাতে পারবেন। একই সঙ্গে তাইপের প্রধান হাব ব্যবহার করে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া এবং দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার আরও বহু গন্তব্যে সহজে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন। ফলে ব্যবসায়িক ভ্রমণ, পর্যটন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও এই রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইভিএ এয়ারের প্রেসিডেন্ট ক্লে সান বলেন, ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্রের রাজধানী অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। দীর্ঘদিনের পরিকল্পনা ও অংশীদারদের সহযোগিতায় এই নতুন রুট চালু করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন মহানগর এলাকায় যাত্রী চাহিদা এবং ব্যবসায়িক সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। নতুন এই রুট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ইভিএ এয়ারের উপস্থিতি আরও শক্তিশালী করবে এবং ব্যবসায়িক ও অবকাশযাত্রী উভয়ের জন্য উন্নতমানের সেবা নিশ্চিত করবে।

বর্তমানে উত্তর আমেরিকায় ইভিএ এয়ারের মোট ১০টি গন্তব্য রয়েছে। এগুলো হলো—লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সিয়াটল, নিউইয়র্ক, হিউস্টন, ডালাস-ফোর্ট ওয়ার্থ, শিকাগো, ভ্যাঙ্কুভার, টরন্টো এবং সর্বশেষ যুক্ত হওয়া ওয়াশিংটন ডিসি। এসব গন্তব্যে সংস্থাটি প্রতি সপ্তাহে ৯৮টি ফ্লাইট পরিচালনা করছে, যা উত্তর আমেরিকার বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে।

মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক পটার বলেন, এই দিনটি ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর এবং পুরো ন্যাশনাল ক্যাপিটাল অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। প্রথমবারের মতো এখানকার বাসিন্দা ও দর্শনার্থীরা তাইওয়ানের অন্যতম প্রযুক্তি ও সাংস্কৃতিক কেন্দ্র তাইপেতে সরাসরি ভ্রমণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি তাইপে হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অসংখ্য গুরুত্বপূর্ণ গন্তব্যেও সহজ সংযোগ মিলবে।

এয়ারপোর্টস অথরিটির এয়ারলাইন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল ববসন বলেন, এই ননস্টপ ফ্লাইট যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করবে। তিনি জানান, বহু বছরের পরিকল্পনা, বিশ্লেষণ এবং অংশীদারিত্বের ফল হিসেবে এই রুট বাস্তবায়িত হয়েছে। ইভিএ এয়ারের এই উদ্যোগ দুই দেশের ভ্রমণকারী, ব্যবসায়ী এবং বিভিন্ন সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান যোগাযোগকে আরও শক্তিশালী করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.