মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে অনিশ্চয়তা, বহু রুটে এখনো ফ্লাইট বন্ধ
মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ আকাশপথে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলেও অঞ্চলজুড়ে বিমান চলাচলে অনিশ্চয়তা এখনো কাটেনি।
মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ আকাশপথে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলেও অঞ্চলজুড়ে বিমান চলাচলে অনিশ্চয়তা এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা এখনো মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট স্থগিত রেখেছে। ফলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা, আন্তর্জাতিক সংযোগ এবং বৈশ্বিক বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে।
বিমান সংস্থাগুলো নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করলেও অধিকাংশই সতর্ক অবস্থান বজায় রেখেছে। মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ার লাইন্স জানিয়েছে, তাদের আটলান্টা-তেল আবিব রুটে ফ্লাইট আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে নিউইয়র্ক-তেল আবিব রুট ৬ সেপ্টেম্বর থেকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অক্টোবরের শেষ দিকে চালু হওয়ার কথা থাকা বোস্টন-তেল আবিব নতুন রুটের উদ্বোধনও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্সও মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে সাময়িক স্থগিতাদেশ বহাল রেখেছে। সংস্থাটি জানিয়েছে, তেল আবিব রুটে ২ জুলাই পর্যন্ত, দুবাই রুটে ৫ জুলাই পর্যন্ত এবং বৈরুত রুটে ৯ জুলাই পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে না। একই গ্রুপের ডাচ এয়ারলাইন কেএলএম রিয়াদ, দাম্মাম ও দুবাই রুটে ২৩ আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, ইউরোপের বৃহৎ এয়ারলাইন গ্রুপ লুফথানসা কিছু রুটে সীমিত পরিসরে ফ্লাইট পুনরায় চালু করেছে। ১ জুলাই থেকে তেল আবিবে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে লুফথানসা এবং ইতালির আইটিএ এয়ারওয়েজ। তবে একই গ্রুপের সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস আগস্ট পর্যন্ত তেল আবিব রুটে ফ্লাইট বন্ধ রাখছে। ব্রাসেলস এয়ারলাইন্সও ২৪ অক্টোবর পর্যন্ত এই গন্তব্যে তাদের সব ফ্লাইট স্থগিত রেখেছে।
এছাড়া লুফথানসা গ্রুপের আওতাধীন লুফথানসা, সুইস, অস্ট্রিয়ান এয়ারলাইন্স ও ব্রাসেলস এয়ারলাইন্স যৌথভাবে আবুধাবি, আম্মান, বৈরুত, দাম্মাম, রিয়াদ, এরবিল, মাস্কাট এবং তেহরানসহ মধ্যপ্রাচ্যের একাধিক রুটে ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। নিরাপত্তা ঝুঁকি এবং আকাশসীমা ব্যবহারে অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডাও তেল আবিব ও দুবাই রুটে ২৪ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে। বিশ্লেষকদের মতে, কিছু রুটে ফ্লাইট পুনরায় চালু হলেও মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ঝুঁকি এড়িয়ে ধাপে ধাপে কার্যক্রম পুনরায় শুরু করছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এবং ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।
