মধ্যপ্রাচ্যে প্রথম, ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট চালু করল দুবাই ডিউটি ফ্রি

মধ্যপ্রাচ্যের বিমানবন্দরভিত্তিক খুচরা বিক্রয় খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে দুবাই ডিউটি ফ্রি।

মধ্যপ্রাচ্যের বিমানবন্দরভিত্তিক খুচরা বিক্রয় খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে দুবাই ডিউটি ফ্রি। প্রতিষ্ঠানটি তাদের সব বিক্রয়কেন্দ্র এবং অনলাইন স্টোরে Crypto.com Pay-এর মাধ্যমে নিয়ন্ত্রিত (Regulated) ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট গ্রহণ শুরু করেছে। এর ফলে দুবাই ডিউটি ফ্রি মধ্যপ্রাচ্যের প্রথম বিমানবন্দর রিটেইলার হিসেবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বৈধ ও নিয়ন্ত্রিত অর্থপ্রদানের সুবিধা চালু করল।

বুধবার (৫ আগস্ট) এ ঘোষণা দেওয়া হয়। নতুন এই সেবার আওতায় যাত্রীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB), আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (DWC) এবং দুবাই ডিউটি ফ্রির অনলাইন স্টোর থেকে কেনাকাটার মূল্য নিজেদের Crypto.com অ্যাকাউন্ট ব্যবহার করে পরিশোধ করতে পারবেন।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সব লেনদেন Crypto.com-এর নিয়ন্ত্রিত পেমেন্ট অবকাঠামোর মাধ্যমে সম্পন্ন হবে। ক্রেতা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থ পরিশোধ করলেও দুবাই ডিউটি ফ্রি তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহাম (AED)-এ অর্থ গ্রহণ করবে। ফলে ক্রিপ্টোকারেন্সির মূল্য ওঠানামার ঝুঁকি বিক্রেতার ওপর পড়বে না।

স্টোরে সরাসরি কেনাকাটার ক্ষেত্রে বিক্রয়কেন্দ্রের পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে ক্রয়ের মোট মূল্য অনুযায়ী একটি কিউআর (QR) কোড তৈরি হবে। ক্রেতা Crypto.com অ্যাপ দিয়ে সেই কোড স্ক্যান করে অর্থপ্রদান অনুমোদন করলে লেনদেন সম্পন্ন হবে। অন্যদিকে, অনলাইন কেনাকাটার সময় গ্রাহকরা চেকআউট পর্যায়ে Crypto.com Pay নির্বাচন করতে পারবেন। এরপর কিউআর কোড স্ক্যান বা মোবাইল অ্যাপের মাধ্যমে পেমেন্ট অনুমোদনের পর কেনাকাটা সম্পন্ন হবে।

নতুন এই পেমেন্ট সুবিধা বিদ্যমান ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা Apple Pay, Alipay এবং TerraPay-এর পাশাপাশি যুক্ত হয়েছে। ফলে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ পাবেন।

দুবাই ডিউটি ফ্রি জানিয়েছে, এই উদ্যোগ Dubai Cashless Strategy বাস্তবায়নের অংশ। Dubai Economic Agenda (D33)-এর অধীনে ২০২৬ সালের শেষ নাগাদ সরকারি ও বেসরকারি খাতের ৯০ শতাংশ আর্থিক লেনদেন নগদবিহীন বা ক্যাশলেস করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য অর্জনে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রক কাঠামোর আওতায় এই সেবা পরিচালিত হবে। সম্প্রতি Crypto.com দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে Stored Value Facilities (SVF) লাইসেন্স পাওয়া প্রথম ভার্চুয়াল অ্যাসেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হওয়ায় তাদের মাধ্যমে নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে এ সেবা চালু করা সম্ভব হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিমানবন্দরভিত্তিক খুচরা বিক্রয় খাতে ক্রিপ্টোকারেন্সি গ্রহণের এই উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত এবং আধুনিক করে তুলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN