এমিরেটস স্কাইকার্গোতে যুক্তরাষ্ট্রে গেল ইউএইর প্রথম এআই স্যাটেলাইট

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সক্ষম আর্থ অবজারভেশন স্যাটেলাইট ‘অল্টেয়ার-১’ সফলভাবে পরিবহন করেছে এমিরেটস স্কাইকার্গো।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সক্ষম আর্থ অবজারভেশন স্যাটেলাইট ‘অল্টেয়ার-১’ সফলভাবে পরিবহন করেছে এমিরেটস স্কাইকার্গো। উন্নত প্রযুক্তিসম্পন্ন এই স্যাটেলাইটটি ইউএই থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে, যেখানে চলতি বছরের অক্টোবর মাসে এর মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।

১৩ আগস্ট ২০২৬ এমিরেটস স্কাইকার্গো জানিয়েছে, দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (ডিডব্লিউসি) থেকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (এলএএক্স) একটি বোয়িং ৭৭৭ ফ্রেইটার উড়োজাহাজে করে অল্টেয়ার-১ পরিবহন করা হয়। স্যাটেলাইটটি ‘অল্টেয়ার’ নক্ষত্রপুঞ্জের প্রথম সদস্য এবং মোট ১০টি স্যাটেলাইট নিয়ে এই কনস্টেলেশন গঠনের পরিকল্পনা রয়েছে।

অল্টেয়ার কনস্টেলেশনটি ইউএইভিত্তিক প্রতিষ্ঠান অরবিটওয়ার্কসের তৈরি ও উৎপাদিত। স্যাটেলাইটটিতে অপটিক্যাল, ইনফ্রারেড, থার্মাল এবং রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) সেন্সিং প্রযুক্তি রয়েছে। পাশাপাশি এতে অনবোর্ড এআই প্রসেসিং ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। ফলে স্যাটেলাইটটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে উন্নত সক্ষমতা প্রদান করবে।

অল্টেয়ারের উন্নত ইমেজিং প্রযুক্তি ও কক্ষপথ পরিকল্পনার মাধ্যমে ঘন ঘন কোনো নির্দিষ্ট এলাকার তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। এই প্রযুক্তি পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, ভূমি ও উপকূলীয় এলাকার বিশ্লেষণ, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদ ও অবকাঠামো মূল্যায়নে ব্যবহার করা যাবে।

এমিরেটস স্কাইকার্গোর দাবি, এত সংবেদনশীল ও উচ্চপ্রযুক্তির মহাকাশযান পরিবহনে বিশেষ দক্ষতা প্রয়োজন। প্রতিষ্ঠানটির অ্যারোস্পেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে একটি বিশেষ দল পুরো পরিবহন কার্যক্রম পরিচালনা করেছে। স্যাটেলাইটটির নিরাপদ পরিবহনের জন্য পরিবেশগত নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা ও নির্ধারিত সময়সূচি কঠোরভাবে বজায় রাখা হয়েছে।

এমিরেটস স্কাইকার্গোর ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদর আব্বাস বলেন, অল্টেয়ার-১ পরিবহনের মাধ্যমে ইউএইর মহাকাশ ও উন্নত প্রযুক্তি খাতে অগ্রযাত্রাকে সমর্থন করা সম্ভব হয়েছে। তার মতে, অত্যন্ত সংবেদনশীল ও প্রযুক্তিনির্ভর কার্গো পরিবহনে দীর্ঘ অভিজ্ঞতার কারণে এমিরেটস স্কাইকার্গো এ ধরনের গুরুত্বপূর্ণ মিশন পরিচালনায় সক্ষম।

অরবিটওয়ার্কসের জেনারেল ম্যানেজার শেহান সেদিকি বলেন, অল্টেয়ার-১ ইউএইর মহাকাশ খাতে উচ্চাভিলাষের গুরুত্বপূর্ণ উদাহরণ। এমিরেটস স্কাইকার্গোর দক্ষতার কারণে স্যাটেলাইটটি নিরাপদে দুবাই থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

অক্টোবরে উৎক্ষেপণের পর অল্টেয়ার-১ মহাকাশ থেকে তথ্য সংগ্রহ শুরু করবে। স্যাটেলাইটটির সফল পরিবহন ইউএইর মহাকাশ প্রযুক্তি ও বিশেষায়িত বিমান কার্গো খাতের সক্ষমতারও গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.