শাহজালালে চোরাচালানের পণ্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক গোয়েন্দা অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত কয়েক দিনে বিমানবন্দরের এ, বি ও সি শিফটে পৃথক অভিযান চালিয়ে গোল্ড পেস্ট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, মোবাইল ফোন, সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ ক্রিম, বিদেশি ওষুধ ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

শুক্রবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এনবিআর জানিয়েছে, ২১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল মোবাইল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ পাওয়া যায়।

একই দিন এমিরেটসের ইকে-৫৮২ এবং কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা তিনটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি মিল্ক পাউডার এবং ১১৬ পিস বা ৪ দশমিক ৪৬ কেজি ক্রিমজাতীয় ওষুধ উদ্ধার করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

একই দিন বি শিফটের অভিযানে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম, চার লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

১৮ আগস্ট শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে আইফোন, রেডমি মোবাইল ফোন, আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২ হাজার টাকা।

এ ছাড়া ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ থেকে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়। প্রক্রিয়া শেষে তা থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। একই অভিযানে নিষিদ্ধ ক্রিম ও সিগারেটও আটক করা হয়।

এনবিআরের হিসাবে, এসব অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা। সংস্থাটি বলছে, চোরাচালানের ধরন বদলাচ্ছে। তাই গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং ও শিফটভিত্তিক নজরদারির মাধ্যমে বিমানবন্দরে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.