পণ্য পরিবহনে বহর বাড়াল এয়ার চায়না
চীনের পণ্যবাহী উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ার চায়না কার্গো তাদের বহরে ১৪তম বোয়িং ৭৭৭ মালবাহী উড়োজাহাজ যুক্ত করেছে।
চীনের পণ্যবাহী উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ার চায়না কার্গো তাদের বহরে ১৪তম বোয়িং ৭৭৭ মালবাহী উড়োজাহাজ যুক্ত করেছে। এর মাধ্যমে পণ্য পরিবহন সক্ষমতা আরও বাড়ানোর পথে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক আকাশপথে কার্গো কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন উড়োজাহাজটির নিবন্ধন নম্বর বি-২২৯ডি। গত ১ অক্টোবর এটি এয়ার চায়না কার্গোর কাছে হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এভারেট কারখানায় উড়োজাহাজটি তৈরি করা হয়েছে। হস্তান্তরের পর যুক্তরাষ্ট্রের সিয়াটলের পেইন ফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে এয়ার চায়না কার্গোর মালবাহী বহর আরও শক্তিশালী হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে ১৪টি বোয়িং ৭৭৭এফ মালবাহী উড়োজাহাজ রয়েছে। পাশাপাশি যাত্রীবাহী উড়োজাহাজকে মালবাহী উড়োজাহাজে রূপান্তর করে তৈরি করা আটটি এয়ারবাস এ৩৩০-২০০ এবং দুটি বোয়িং ৭৪৭-৪০০ মালবাহী উড়োজাহাজ পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
শুধু বোয়িং উড়োজাহাজ নয়, এয়ারবাসের মালবাহী উড়োজাহাজ দিয়েও বহর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। গত মে মাসে এয়ারবাস নিশ্চিত করে, এয়ার চায়না কার্গো আরও চারটি এ৩৫০ মালবাহী উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে। এর ফলে এই ধরনের উড়োজাহাজের জন্য প্রতিষ্ঠানটির মোট ক্রয়াদেশ দাঁড়িয়েছে ১০টিতে। এসব উড়োজাহাজ ভবিষ্যতে যুক্ত হলে দীর্ঘ দূরত্বে পণ্য পরিবহনের সক্ষমতা আরও বাড়তে পারে।
বোয়িং ৭৭৭এফ উড়োজাহাজ একবারে সর্বোচ্চ ১০২ মেট্রিক টন পণ্য বহন করতে পারে। এর উড্ডয়ন পরিসর প্রায় ৯ হাজার ২০০ কিলোমিটার। বেশি পরিমাণ পণ্য নিয়ে দীর্ঘ দূরত্বে চলাচলের সক্ষমতার কারণে আন্তর্জাতিক মালবাহী পরিবহনে এই উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে বোয়িংয়ের ৭৭৭এফ কর্মসূচির ভবিষ্যৎ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নির্গমনসংক্রান্ত একটি ছাড় অনুমোদন করে। এর ফলে ২০২৭ সালের শেষ সময়সীমার পরও উড়োজাহাজটির বিক্রি চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই সিদ্ধান্ত বোয়িংকে বিদ্যমান চাহিদা পূরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি পরবর্তী প্রজন্মের ৭৭৭-৮ মালবাহী উড়োজাহাজ তৈরির প্রস্তুতিও এগিয়ে নিতে পারবে।
