টাইফুনের প্রভাবে জাপান-তাইওয়ানে ফ্লাইট বিপর্যয়
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র প্রভাবে তাইওয়ান ও জাপানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র প্রভাবে তাইওয়ান ও জাপানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। ঝড়ের কারণে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি দুর্যোগের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’-এর সময়সূচি ও কার্যক্রমেও পরিবর্তন আনতে হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তিশালী ঝড়গুলোর মধ্যে অন্যতম চাম্পি ইতিমধ্যে সুপার টাইফুনে পরিণত হয়েছিল। বর্তমানে কিছুটা দুর্বল হলেও ঝড়টির তীব্রতা এখনো উদ্বেগজনক।
আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, টাইফুনটির কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটার বা ১৪১ মাইল। তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঝড়টি। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে চীনের উপকূল পেরিয়ে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঝড়টির বিস্তৃতি প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছানোয় তাইওয়ানের অধিকাংশ এলাকায় এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উপকূলীয় অঞ্চলে ছয় মিটার পর্যন্ত উঁচু ঢেউ এবং পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ এক মিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ পরিস্থিতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড়ি ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাইওয়ানের পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের প্রভাবে এখনো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জেও টাইফুনটির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ওকিনাওয়া অঞ্চলের ইয়োনাগুনি দ্বীপ ঝুঁকির মুখে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জাপান এয়ারলাইনস, অল নিপ্পন এয়ারওয়েজ ও স্কাইমার্ক এয়ারলাইনস বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে একশর বেশি ফ্লাইট বাতিল করেছে। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, তাইওয়ানের আশপাশের জাপানি দ্বীপগুলোতে প্রায় ৫৬ হাজার সেনার অংশগ্রহণে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’ চলছে। টাইফুনের কারণে আবহাওয়া ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মহড়ার কার্যক্রম প্রতিদিন পর্যালোচনা করে পরিবর্তন করা হচ্ছে।
আবহাওয়ার পরিস্থিতি আরও অবনতি হলে বিমান চলাচলে বিঘ্ন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।