ভিয়েতনাম-জাপান বিমান যোগাযোগে নতুন চুক্তি

ভিয়েতনাম এয়ারলাইন্স ও জাপানের এএনএ হোল্ডিংসের মধ্যে কৌশলগত সহযোগিতার ১০ বছর পূর্ণ হয়েছে।

ভিয়েতনাম এয়ারলাইন্স ও জাপানের এএনএ হোল্ডিংসের মধ্যে কৌশলগত সহযোগিতার ১০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে দুই দেশের বিমান সংস্থার মধ্যে বাণিজ্যিক ও পরিচালনাগত সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যৌথ উদ্যোগে সহযোগিতার একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। নতুন এই চুক্তির মাধ্যমে ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগ, যাত্রীসেবা এবং বাণিজ্যিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সির বিশেষ সংবাদদাতার তথ্যমতে, জাপান সফরের অংশ হিসেবে গত ৯ নভেম্বর স্থানীয় সময় দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে দুই এয়ারলাইন্সের এক দশকের সহযোগিতা উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিয়েতনামের সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপতি তো লাম। তিনি দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগে সহযোগিতার কাঠামো চুক্তি স্বাক্ষরের সাক্ষী হন।

২০১৬ সালের মে মাসে জাপানের টোকিওতে ভিয়েতনাম এয়ারলাইন্স ও এএনএ হোল্ডিংসের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর দুই মাস পর এএনএ হোল্ডিংস আনুষ্ঠানিকভাবে ভিয়েতনাম এয়ারলাইন্সের কৌশলগত শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়। এরপর থেকে দুই প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্যিক ও পরিচালনাগত ক্ষেত্রে একসঙ্গে কাজ করে আসছে।

এ পর্যন্ত দুই এয়ারলাইন্সের মধ্যে কোডশেয়ার ফ্লাইট চালু, ঘন ঘন ভ্রমণকারীদের জন্য বিশেষ সুবিধা, পণ্য উন্নয়ন, টিকিট বিক্রি ও বিপণন কার্যক্রমে সহযোগিতা গড়ে উঠেছে। এর ফলে দুই দেশের বিভিন্ন গন্তব্যের মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ হয়েছে।

২০২৬ সালের অক্টোবর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্স দুই দেশের মধ্যে ১১টি সরাসরি রুটে সপ্তাহে ৭২টি ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ২০২৬ সালের প্রথম নয় মাসে জাপানের বাজারে আগের বছরের একই সময়ের তুলনায় এয়ারলাইনটির যাত্রী সংখ্যা ১৮ শতাংশ এবং যাত্রী পরিবহন থেকে আয় ২৬ শতাংশ বেড়েছে।

নতুন কাঠামো চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে দুই প্রতিষ্ঠান যৌথভাবে রাজস্ব ভাগাভাগি এবং ফ্লাইট পরিচালনার বিভিন্ন বিষয়ে সমন্বয় করবে। এর মধ্যে রয়েছে ফ্লাইটের সময়সূচি, টিকিটের মূল্য নির্ধারণ, আসন ব্যবস্থাপনা, বিক্রয়, বিপণন ও যাত্রীসেবা উন্নয়ন। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের ফ্লাইট নেটওয়ার্ক ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি উড়োজাহাজ পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মেরামত, কর্মীদের প্রশিক্ষণ, গ্রাউন্ড সার্ভিস, উড়োজাহাজের ভেতরের খাবার সরবরাহ এবং কার্গো পরিবহনেও অভিজ্ঞতা বিনিময় করছে প্রতিষ্ঠান দুটি। একই সঙ্গে কারিগরি সহায়তা চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

এ ছাড়া প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, তথ্য ব্যবস্থাপনা এবং পরিচালনাগত ব্যবস্থার আধুনিকায়নে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভিয়েতনাম এয়ারলাইন্স ২০৩০ সালের মধ্যে স্কাইট্র্যাক্সের মান অনুযায়ী পাঁচ তারকা এয়ারলাইন্সে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এএনএ হোল্ডিংসের অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির সেবার মান ও পরিচালনাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.