যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিমানের জরুরি অবতরণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি ছোট বিমান ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করেছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি ছোট বিমান ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানটি চলন্ত একটি পিকআপ ট্রাকের সঙ্গে ঘষা খায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় বিমান ও গাড়ির কোনো আরোহী আহত হননি।
স্থানীয় সময় গত ৭ নভেম্বর দুপুরের দিকে ফোর্ট মায়ার্স এলাকার বে-শোর রোডে এ ঘটনা ঘটে। সেসনা ১৭২ মডেলের ছোট বিমানটি মহাসড়কে অবতরণের সময় একটি পিকআপ ট্রাকের সংস্পর্শে আসে। ঘটনার একটি ভিডিও ফুটেজে বিমানটির সঙ্গে চলন্ত গাড়িটির সংঘর্ষের মুহূর্ত দেখা যায়।
মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসনের (এফএএ) তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর পাইলট বিমানের ইঞ্জিনে সমস্যার কথা জানান। পরিস্থিতি বিবেচনায় তিনি নিরাপদে অবতরণের জন্য জরুরি ব্যবস্থা নেন। কাছাকাছি কোনো উপযুক্ত অবতরণস্থল না পাওয়ায় শেষ পর্যন্ত ব্যস্ত মহাসড়কেই বিমানটি নামাতে বাধ্য হন।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বিমানটি ৭ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে ফ্লোরিডার সেব্রিং এলাকা থেকে উড্ডয়ন করে। প্রায় ৫০ মিনিট আকাশে থাকার পর এটি জরুরি অবতরণ করে। বিমানটিতে পাইলটসহ মোট দুজন আরোহী ছিলেন। অন্যদিকে, পিকআপ ট্রাকটি বে-শোর রোড ধরে পূর্ব দিকে যাচ্ছিল।
ঘটনার পর প্রকাশিত ছবিতে বিমানটিকে প্রায় অক্ষত অবস্থায় দেখা গেছে। লি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লি কাউন্টির শেরিফ কারমাইন মার্সেনো জানান, টহলরত পুলিশ সদস্য এবং ফ্লোরিডা পরিবহন বিভাগের কর্মীরা বিমানটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এফএএ। বিশেষ করে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির প্রকৃতি এবং জরুরি অবতরণের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
শেরিফ মার্সেনো বলেন, এ ঘটনায় কেউ আহত না হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করছেন। সাম্প্রতিক সময়ে একাধিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির খবরের পর সবাই নিরাপদে থাকায় বিষয়টি বিশেষভাবে স্বস্তিদায়ক।
উল্লেখ্য, দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় নয়জন যাত্রী নিয়ে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার প্রায় এক সপ্তাহ পর এই জরুরি অবতরণের ঘটনা ঘটল। ধারাবাহিক এসব ঘটনা যুক্তরাষ্ট্রে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।