অগ্রসরমান এয়ারলাইন্স ‘ইউএস-বাংলা’র বহরে যুক্ত হয়েছে প্রথম বোয়িং ৭৩৭-৮০০ (S2-AJA) এয়ারক্রাফট।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৮ আসনবিশিষ্ট এ বোয়িংটির অবতরণের মধ্য দিয়ে দিগন্তজয়ে আরও একধাপ এগিয়ে গেল ইউএস-বাংলা।
সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নেদারল্যান্ড থেকে রওনা দিয়ে দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বোয়িংটি। এসময় উপস্থিত ইউএস-বাংলার কর্মকর্তারা করতালির মাধ্যমে বহরে যুক্ত হওয়া নতুন এয়ারক্রাফটিকে গ্রহণ করেন।
এয়ারলাইন্সটির ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা’র বহরে বোয়িং ৭৩৭-৮০০ (S2-AJA) এয়ারক্রাফটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হলো। এখন থেকে আরও বড় পরিসরে আকাশপথের যাত্রীদের সেবা দিতে পারবো।
এরইমধ্যে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে অভিষেক ঘটেছে ইউএস-বাংলার। নতুন যুক্ত হওয়া এই এয়ারক্রাফটের ১৫৮ আসনের মধ্যে রয়েছে ৮টি বিজনেস ক্লাস। রয়েছে প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাস।
২০১৪ সালের ১৭ জুলাই দ্রুতগতি সম্পন্ন ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে বাংলাদেশের আকাশপথে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে প্রতিষ্ঠানটির।
দু’বছরের অধিক সময়ে তারা ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুট ও অভ্যন্তরীণ বিভিন্ন রুট মিলিয়ে প্রায় ষোল হাজারের অধিক ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে।
‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাসের শেষ সপ্তাহে এবং চলতি বছরের ডিসেম্বরে মধ্যে আরও দু’টি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বহরে যুক্ত করার পরিকল্পনা করছে।এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটগুলো দিয়ে কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাস্কাট, দোহা, গুয়াংজুসহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা হবে। এছাড়া শিগগির ঢাকা-পারো-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
গত দু’বছরে সফলতার স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা ট্রাভেল বিষয়ক পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’ কর্তৃক ডমেস্টিক সেক্টরে ‘বেস্ট এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৫’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।
যাত্রা শুরুর পর থেকে অন-টাইম ফ্লাইট অপারেশন, আন্তর্জাতিক মানের কেবিন সার্ভিস, উন্নত মানের নিজস্ব ক্যাটারিং সার্ভিস যা যাত্রী সাধারণের কাছে একটি নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা। এয়ারলাইন্সটির সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড শতকরা ৯৮.৭ ভাগ।
আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে ইউএস-বাংলায়, যার মধ্যে রয়েছে ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম ‘স্কাই স্টার’ সহ অনেক সেবাধর্মী ও সময়োপযোগী সার্ভিস।